আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ আগস্ট:জলপাইগুড়ির আনন্দচন্দ্র কর্মাস কলেজে রয়েছে একাধিক সমস্যা। বার বার দাবি তুলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি পড়ুয়াদের। বুধবার অধ্যক্ষকে ঘেরাও করে একাধিক দাবি তুলে বিক্ষোভে সামিল হল তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট। পড়ুয়াদের দাবি, প্রথমবর্ষে কলেজে ভর্তির জন্য আবেদনকারী সকল পড়ুয়াকে ভর্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজ যাচাই করা হলেও কর্মাস কলেজে এখনও হয়নি, দ্রুত তা করতে হবে। ৭ অগস্ট থেকে রুটিন দেওয়ার কথা থাকলেও সেটাও হয়নি দ্রুত রুটিন দিতে হবে। এছাড়া আইকার্ড দেয়ারও দাবি তোলা হয়।
টিএমসিপি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক স্নেহাশীষ চৌধুরী বলেন, “কলেজের একাধিক সমস্যা আছে। বার বার দাবি তোলা হলেও সমস্যার সমাধান
হচ্ছে না। এই কারণে দ্রুত সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে দাবি তুলে দেওয়া হল। ১২ অগস্টের মধ্যে দাবি পূরণ না হলে ধর্নায় বসব আমরা।”
এদিকে অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার বলেন,”ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কলেজ চলছে। ছাত্র ছাত্রীদের দাবি থাকতেই পারে। কিছু দাবি দিয়েছে সোমবার থেকে সমস্যা মিটে যাবে।”

