পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই দিনের ধর্ণা কর্মসূচির সমর্থনে সারা রাজ্যের পাশাপাশি আজ পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেটের সামনে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে ধর্ণা কর্মসূচি পালন করা হয় তৃণমূলের তরফে।
ভারতবর্ষের সংবিধানের মূল মন্ত্র হল মানুষের গণতান্ত্রিক অধিকার। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে বাংলার মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ধর্ণা অবস্থান করছেন রেড রোডে বাবাসাহেব আম্বেদকর মূর্তির পাদদেশে। তারই সমর্থনে মেদিনীপুর কালেক্টরেট গেটের সামনে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ধর্ণা অবস্থান করা হয় সাধারণ মানুষকে সাথে নিয়ে। ছিলেন মেদিনীপুর জেলা তৃণমূলের কো অর্ডিনেটর ও বিধায়ক অজিত মাইতি, মেদিনীপুর জেলার চেয়ারম্যান তথা বিধায়ক দীনেন রায়, রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, বিধায়ক অরূপ ধাড়া, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ সমস্ত জেলা নেতৃত্ব ও সমস্ত শাখা সংগঠনের নেতারা।

