আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর:
প্রথমবার গোয়া বিধানসভা ভোটে লড়তে গিয়ে তৃণমূল ব্যয় করেছে ৪৭ কোটি ৫৪ লক্ষ টাকা। সেখানে বিজেপি খরচ করেছিল মাত্র ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা। সম্প্রতি রাজনৈতিক দলগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। একটি জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২১ সালের বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে আটকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার বাংলার মসনদে বসেন। আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর অভিষেক দায়িত্ব নেবার পরেই বাংলার বাইরে তৃণমূলের বিস্তার লাভে মন দেন। আর সেক্ষেত্রে তৃণমূলের প্রথম সারিতেই ছিল বিজেপি শাসিত ত্রিপুরা ও গোয়ার বিধানসভা ভোট।
তিন মাস আগে গোয়ার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিল তৃণমূল, কিন্তু সেখানে খড়কুটোর মতো উড়ে গেছে ঘাসফুল। তবে প্রচারে কোনওরকম কার্পণ্য করেননি তৃণমূল। একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যম নির্বাচন কমিশন সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, গত মার্চে গোয়া বিধানসভা ভোটে আরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি খরচ করেছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা। বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস খরচ করেছিল ১২ কোটি টাকা। শিবসেনা গোয়ায় ১০ টি কেন্দ্রের প্রার্থী দিয়েছিল মোট খরচ করেছে ৯২ লক্ষ টাকা। কিন্তু সেই জায়গায় থেকে তাক লাগিয়ে তৃণমূল গোয়ার ৪০ টি আসনের মধ্যে ২৩টিতে প্রার্থী দিয়েছিল। আর তার জন্য খরচ করেছিল ৪৭ কোটি টাকা। কিন্তু বিনিময়ে একটি আসনেও জয় ছিনিয়ে আনতে পারেনি ঘাসফুলের দল। অথচ গোয়ার শাসক দল বিজেপি সেখানে খরচ করেছিল ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা।

