কর্মীদের বেতনের টাকা নেই তৃণমূল পরিচালিত পুরুলিয়া পৌরসভার, সাহায্যে পথে নামল বিজেপি

সাথী দাস, পুরুলিয়া, ১১ জুলাই: তৃণমূল পরিচালিত পুরুলিয়া পৌরসভার আর্থিক সংকট দূর করতে পথে নামল বিজেপি। অর্থ সঙ্কটের জন্য আটকে অস্থায়ী কর্মীদের বেতন। এই পরিস্থিতিতে হাতে ভাঁড় নিয়ে পৌরসভার জন্য পথে নামলো জেলা বিজেপি। সেই টাকা দলের তরফ থেকে তুলে দেওয়া হল পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালীর হাতে। এই ভাবেই প্রতিবাদ জানায় বিজেপি।

জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা বলেন, “পুরসভার টাকা কাটমানি হিসেবে নেতাদের পকেট ভরছে। তাই কর্মচারীদের বেতন দিতে পারছে না। আমরা আর্থিক সংকটের খবর পেতেই রাস্তায় পুরবাসীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে পুরপ্রধানের হাতে তুলে দিলাম। তবে, পুরবাসীর স্বার্থে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব।”

বিজেপির এই কর্মসূচি শুরু হয় পুরুলিয়া জেলা সদর শহরের সবচেয়ে ব্যস্ততম এবং গুরুত্তপূর্ণ এলাকা ট্যাক্সি স্ট্যান্ডে। বিজেপি নেতাদের ভাঁড় নিয়ে রাস্তায় প্রথমবার দেখতে পেয়ে কৌতুহল চেপে রাখতে পারেননি পথচারীরা। তাঁরা জানতে পারেন পুরসভার আর্থিক সংকট দূর করতে বিজেপি অর্থ সংগ্রহ করছে। এটা জানার পরই পথচারীদের একাংশ কটাক্ষ করেন দুই রাজনৈতিক দলকে। কেউ কেউ বলেন, “রঙ্গমঞ্চে তৃণমূল ও বিজেপির প্রতিযোগিতা চলছে।” পুরসভার আর্থিক সংকটকে অনেকে কৃত্রিম বলে অভিযোগ করেন। বর্তমান অযোগ্য বোর্ডের অক্ষমতার কারণে এই পরিস্থিতি বলে মনে করেন কেউ কেউ। মাটির ভাঁড় নিয়ে দোকানদারদের কাছে বিজেপি নেতাদের দেখে শুধু হাতে ফেরাননি। দু’টাকা, পাঁচ টাকা, দশ টাকা যে যেমন পেরেছেন দিয়েছেন। তবে, গোটা ব্যাপারটিকে মজার চোখেই দেখেছেন তাঁরা। কর্ম ব্যস্ততার মাঝে এক চিলতে হাসার সুযোগকে হাতছাড়া করেননি ব্যবসায়ীরা। কয়েকটি মাটির ভাঁড় ভর্তি টাকা পুরসভায় গিয়ে পুর প্রধানের হাতে তুলে দেন বিজেপি নেতৃত্ব।

বিজেপির এই কাজকে রাজনৈতিক স্টান্ট বলে দাবি করেন পৌরপ্রধান নবেন্দু মাহালী। তবে, প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করে তিনি বলেন, “প্রতি মাসে ১৬০০ কর্মীর জন্য ৬৭ লক্ষ টাকা নিজস্ব তহবিল থেকে প্রয়োজন। যেটা আমাদের এই মুহূর্তে নেই। ওই সামান্য টাকায় একজন কর্মীরও বেতন হবে না। বহু কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছে পৌরসভা। এবিষয়টা নিয়ে বিজেপির পদক্ষেপ দেখা যায় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *