পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: নিরপেক্ষ তদন্তের দাবিতে ও রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই ও ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগে শনিবার সকালে রাস্তায় প্রতিবাদ মিছিল করল শালবনী ৩ নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস। এদিন শালবনী ব্লক পার্টি অফিস থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে পুরো ৩নং অঞ্চল পরিক্রমা করে পুনরায় শালবনী ব্লক দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলের পুরোভাগে ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নেপাল সিংহ, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, ব্লক যুব সভাপতি গৌতম বেরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শালবনীর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর শহর ও বিভিন্ন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন প্রান্তে। দাঁতন ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাঁতন সরাই বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, দাঁতনের স্থানীয় বিধায়ক বিক্রম প্রধান, কেশিয়ারীর বিধায়ক পরেশ মুর্মু, জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ, সহ ব্লক এবং জেলার অন্যান্য নেতৃত্ব৷
এদিন মন্ত্রী শ্রীকান্তবাবু বলেন, সিবিআই, ইডির মত সংস্থা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তৃণমূল কংগ্রেস নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে। অথচ বিজেপি দলের অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি তাদের এই কর্মসূচি।

অপরদিকে একই ইস্যুতে গড়বেতা ৩ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দ্রকোনা রোডে একটি মিছিল সংগঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ব্লক সভাপতি রাজীব ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জ্ঞানাঞ্জন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে গড়বেতা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়বেতা বাজারে কেন্দ্রীয় সরকারের নানান নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সম্পাদক প্রদ্যুত ঘোষ, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ।

