আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩ আগস্ট: সোমবার ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কর্মীরা। এদিন সকালে সাগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে তৃণমূল। পাশাপাশি ডায়মন্ড হারবার, কাকদ্বীপ সহ আশপাশের এলাকার তৃণমূল কর্মীরা একত্রিত হয়ে আরও একাধিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে সকাল থেকে। এদিন বিকেলে ভাঙড়ের কুলবেড়িয়ায় প্রতিবাদে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তৃণমূল নেতা সাবির শেখের উদ্যোগে ধিক্কার মিছিল ও প্রতীকি বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
সোমবার ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর হামলা হয়। সারা রাজ্যে তার বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সারা রাজ্যের পাশাপাশি এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেন ভাঙড় তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে কুলবেড়িয়া থেকে সিক্সলেন মোড়ে মিছিল করে এসে প্রতীকি পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক এদিন মিছিল করে পথ অবরোধ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে ধিক্কার জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। প্রায় ত্রিশ মিনিট ধরে চলে এই বিক্ষোভ অবরোধ। পাশাপাশি নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। এদিন তৃণমূল নেতা সাবির শেখের পাশাপাশি উপস্থিত ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, শ্রমিক নেতা জুলফিকার মোল্লা সহ অনান্যরা।

