সাথী দাস, পুরুলিয়া, ২৫ অক্টোবর: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অবস্থান করলেন তৃণমূল নেতা ও কর্মীরা। সোমবার রঘুনাথপুর শহরের বাস স্ট্যান্ড থেকে একটি প্রতিবাদ মিছিল করে তারা। মিছিলের পর একটি পেট্রোল পাম্পে অবস্থানে বসেন তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকরা। মোটর সাইকেল ঠেলে ও ডিজেলের সেঞ্চুরির জন্য হাতে ব্যাট, মাথায় হেলমেট পরে প্রতীকি প্রতিবাদে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তৃণমূল নেতা কর্মীরা। পেট্রোল পাম্পের ডিজেলের মেশিনের উপর মালা দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এদিন রঘুনাথপুর শহরের পেট্রোল পাম্পগুলিতে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা ১৫ পয়সা ও পেট্রোলের মূল্য ১০৮ টাকা ৮৯ পয়সা। যদিও পুরুলিয়া শহর ও ঝালদায় দাম আরও বেশি।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব পুরুলিয়া জেলা কংগ্রেস। কেন্দ্র ও রাজ্য সরকারকে এর জন্য দায়ী করে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, ভাবতে অবাক লাগছে যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম খুব কম। সেখানে শুধু আমাদের দেশে বা রাজ্যেই কেন এত বেশি তেলের দাম বেড়ে যাচ্ছে? কেন বিষয়টা নিয়ে দুটি সরকারই একটুও ভাবছে না?” হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “অবিলম্বে বিষয়টিতে গুরুত্ব না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।”

নেপালবাবু বলেন, “রাজ্য ও কেন্দ্র সরকার ট্যাক্স যদি অল্প কমিয়ে দেয় তাহলেই মানুষের নাগালের মধ্যে থাকবে তেলের দাম।” পাশের ছত্রিশগড় রাজ্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, “লিটার প্রতি ১২ টাকা ট্যাক্স কমিয়ে দেওয়ায় বর্তমানে লিটার প্রতি দাম রয়েছে ১০০ টাকার নিচে। তিনি আরও বলেন, “ডিজেলের দাম বেড়ে যাওয়ায় চাষিদের ভোগান্তি হচ্ছে। তাঁরা ছাড়াও রয়েছেন অনেক মানুষ যাঁরা নিয়মিত ডিজেলের ব্যবহার করে থাকেন তারা আজ হতাশাগ্রস্ত। রাজ্য ও কেন্দ্র সরকার বিষয়টি নিয়ে না ভাবলে কংগ্রেসের পক্ষ থেকে যত রকম আন্দোলন আছে তা করা হবে।”

