সাথী দাস, পুরুলিয়া, ৪ অক্টোবর: উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় কৃষক হত্যার অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল ‘পুরুলিয়া কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস’। আজ বিকেলে হুড়ায় বাঁকুড়া পুরুলিয়া ৬০ এ জাতীয় সড়কে ওই মিছিলটি অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃত্ব দেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি ও আয়োজক সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাতো। কালো পতাকা হাতে নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় তৃণমূল কর্মীদের।

একই ঘটনার প্রতিবাদে চাষ রোডে মিছিল করে যুব তৃণমূল। উত্তরপ্রদেশের ঘটনায় সরাসরি বিজেপিকে অভিযুক্ত করে সোচ্চার হন যুব তৃণমূল সভাপতি মেঘদূত মাহাতো।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে চাপা পড়ে কয়েকজন প্রতিবাদী কৃষকের মৃত্যুর অভিযোগে সরব হয় তৃণমূল। এদিন পুরুলিয়া শহরেও ওই ঘটনার প্রতিবাদ জানায় বামফ্রন্ট।

