পেট্ৰোপণ্যের মূল্য বৃদ্ধির প্ৰতিবাদে নরেন্দ্ৰ মোদীর কুশপুত্তলিকা দাহ করে তৃণমূলের বিক্ষোভ বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ জুলাই: পেট্ৰোপণ্যের মূল্য বৃদ্ধির প্ৰতিবাদে আজ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর কুশপুত্তলিকা দাহ করে শালতোড়ায় বিভিন্ন এলাকায় বিক্ষোভ করল তৃণমূল।

গত দেড় বছরের মধ্যে দেশে পেট্রোপণ্যের সর্বকালীন রেকর্ড মাত্রায় মূল্য বৃদ্ধি ঘটেছে। ফলে সারা দেশজুড়ে গরিব মধ্যবিত্ত পরিবারের হেঁসেল থেকে হাটে বাজারে সর্বত্র আগুন জ্বলছে। সেই মূল্যবৃদ্ধির আঁচে মানুষ দিশেহারা। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বাঁকুড়ার শালতোড়া বিধানসভার শালতোড়া, মেজিয়া ও গঙ্গাজলঘাঁটি ব্লকের ১২টি পেট্রোলপাম্পের সামনে ধর্না অবস্থানে বসে বিক্ষোভ দেখালো তৃণমূল। যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এই বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূল সহ সমস্ত শাখা সংগঠনগুলিও যোগ দেয়। এই বিক্ষোভে গঙ্গাজলঘাঁটি ব্লকের আমডাঙা পেট্রোল পাম্পের সামনে তৃণমূল কংগ্রেস নেতারা নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান। এখানে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার, ব্লক সম্পাদক নিমাই মাজি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জীতেন গড়াই, যুবনেতা মাণিক মন্ডল সহ অনেকেই।

নিমাই মাজি বলেন, দেশজুড়ে আগুন জ্বলছে। সেই আগুনের আঁচ লেগে মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। আর কেন্দ্রীয় সরকারের কর্পোরেট দালাল আদানি আম্বানিরা ঠাণ্ডা ঘরে বসে মজা লুঠছেন। নরেন্দ্র মোদী সম্রাট নিরোর কায়দায় দাড়িতে হাত বুলিয়ে আয়েস করছেন।

ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার বলেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি দৈনিক যে হারে নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে তাতে পুজোর আগেই ১২০ টাকা ছাড়িয়ে যাবে মনে হচ্ছে। অবিলম্বে পেট্রোল ডিজেল ও গ্যাসের দাম না কমালে এবার পার্লামেন্টেও আগুন জ্বলবে।

দলের গঙ্গাজলঘাটি ব্লক যুব সভাপতি তারাশংকর মন্ডলের নেতৃত্বে কলগোড়া পেট্রোল পাম্পের সামনে প্ৰায় দু’ঘন্টা ধরে বিক্ষোভ কর্মসূচি চলে। শালতোড়া ব্লক সভাপতি সন্তোষ মন্ডলের নেতৃত্বে শালতোড়া, সুবদা মোড় এবং মেজিয়ায় মলয় মুখার্জির নেতৃত্বে মেজিয়া, তেওয়ারি ডাঙা, জেমুয়া প্রভৃতি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ ধর্না অবস্থান করে প্রতিবাদ জানানো হয়।

যুব সভাপতি তারাশঙ্কর মন্ডল বলেন, ১৯৭৩ সালে ইন্দিরা গান্ধীর সরকার ৭ পয়সা পেট্রোলের দাম বাড়িয়ে ছিলেন বলে তৎকালীন বিরোধী দলনেতা অটলবিহারী বাজপেয়ী গরুর গাড়ি নিয়ে পার্লামেন্ট অভিযান করেছিলেন। এ প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে তার পূর্বসূরীর কথা মনে করিয়ে দিতে চাই বলে হুঁশিয়ারি দেন শালতোড়া বিধানসভার পরাজিত প্রার্থী সন্তোষ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *