আমাদের ভারত, কলকাতা, ১১ জুলাই: ক্রমাগত পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি রীতিমতো বিপদে ফেলে দিয়েছে আমজনতাকে। একে করোনা মহামারী, তার ওপর প্রতি দু-একদিন অন্তর তেলের দাম বাড়ার ফলে নাজেহাল মানুষ। ইতিমধ্যেই কলকাতায় ও জেলায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ ছাড়িয়ে গিয়েছে। এরই প্রতিবাদে শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। রবিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল শুরু হয়েছে।

তবে সবচেয়ে নজরকাড়া বিক্ষোভ হল বাগুইআটি ভিআইপি রোডে বাস স্টপের সামনে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নৌকা রেখে এবং উনুন জ্বালিয়ে বিক্ষোভ করলেন তৃণমূল কর্মীরা। ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি।

ভিআইপি রোডের উপর নৌকা রেখে তার ওপরে কাঠের জালে রান্না করা হয়। নৌকা রেখে তার উপরে কাঠের জালে বেগুনি ভাজা হয়। তারপর তা বিক্ষোভে সামিল সবার মধ্যে বিতরণ করা হয়। এই অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সারা রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তৃণমূল পথে নেমেছে বলে জানিয়েছেন তিনি।


