রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগে রায়গঞ্জে প্রতিবাদ মিছিল তৃণমূলের

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ আগস্ট: নিরপেক্ষ তদন্তের দাবিতে ও রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগে শুক্রবার বিকেলে রায়গঞ্জের রাস্তায় প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন শহরের এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ঘড়ির মোড়ে এসে শেষ হয়। মিছিলের পুরোভাগে ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্য নেতারা।

এদিন কানাইয়ালাল বাবু বলেন, সিবিআই, ইডির মত সংস্থা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তৃণমূল কংগ্রেস নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে। অথচ বিজেপি দলের অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি তাদের এই কর্মসূচি।

রায়গঞ্জের পাশাপাশি কালিয়াগঞ্জেও শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য ও সুজিত সরকার, রাজ্য তৃণমূল সম্পাদক অসিম ঘোষ, পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ অন্যান্য নেতৃত্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *