আমাদের ভারত, হাওড়া, ১৯ ফেব্রুয়ারি: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম।আর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস। শুক্রবার উলুবেড়িয়ায় হাতে ফাঁকা গ্যাসের সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদে সামিল হল তৃণমূলের নেতা কর্মীরা।
এদিন দুপুরে ১৬ নং জাতীয় সড়কের পাশে উলুবেড়িয়ার বীরশিবপুরে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার পেট্রোল পাম্পে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি বিধায়ক পুলক রায়। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, উলুবেড়িয়া পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান সহ অন্যান্যরা।

এদিকে এদিন তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি চলাকালীন জাতীয় সড়ক দিয়ে পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তৃণমূলের নেতা কর্মীরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মিছিল করেন। যদিও এই মিছিল জাতীয় সড়কের সার্ভিস রোডে হওয়ায় মন্ত্রীর যাত্রাপথে কোনও ব্যাঘাত ঘটেনি।
এদিনের এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে বিধায়ক পুলক রায় বলেন, যেভাবে কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তিনি বলেন, গত দুই মাসে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা বেড়েছে। অসহায় অবস্থা এখন সাধারণ মানুষের। এদিন তিনি অবিলম্বে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

