আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১ মার্চ:
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তার মধ্যে গ্যাস সিলিন্ডার রেখে ১২ ঘণ্টার অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা গেল তৃণমূল কর্মীদের। উত্তর ২৪ পরগনার বরানগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ন-পাড়া বনলক্ষী মোড়ে তৃণমূলের এই বিক্ষোভ কর্মসূচি চলছে।

পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের অতিরিক্ত মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করতে তৃণমৃল নেতা অঞ্জন পালের নেতৃত্বে ১২ ঘণ্টা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে বরানগর তৃণমূল কংগ্রেস। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে দেখা গেল এলাকার মহিলারা বনলক্ষী মোড়ের রাস্তার ওপর রান্নার গ্যাস সিলিন্ডার রেখে প্রতিবাদ করছেন। তাদের মূল দাবি, যারা স্বল্প আয় করে, তারা সংসারের সমস্ত খরচ চালিয়ে প্রতি মাসে প্রায় ১০০০ টাকার কাছাকাছি পৌঁছে যাওয়া রান্নার গ্যাস কিনতে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেই জন্যই তাদের এই রকম অভিনব প্রতিবাদ কর্মসূচি। প্রসঙ্গত উল্লেখ্য নতুন করে আরো ২৫ টাকা গ্যাসের দাম বেড়ে বর্তমানে সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে প্রতি সিলিন্ডার ৮৪৫ টাকা।

