তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুরের প্রতিবাদে বাসন্তী হাইওয়েতে বিক্ষোভ সভা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ ফেব্রুয়ারি: দিন কয়েক আগে মিনাখার মালঞ্চতে বিজেপির পরিবর্তন যাত্রার রথে হামলা হয়। সেই রথে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ পিছনে থাকা গাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে। ওই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছিলেন। এরপর এই বিজেপি কর্মীরা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে আজ পথসভা করল তৃণমূল কংগ্রেস।

বসিরহাট মহকুমার মিনাখাঁর মালঞ্চ বাজারে পথসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। বাসন্তী হাইওয়ের পাশে এই সভা থেকে তৃণমূল নেতৃত্ব দাবি করেন, বিজেপি এই পরিবর্তন যাত্রার মাধ‍্যমে সারা বাংলা জুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এছাড়াও সেইদিনের ঘটনার জন‍্য তারা সম্পূর্ণরূপে বিজেপিকে দায়ী করেন। তারা দাবি করেন, বিজেপি পরিকল্পিত ভাবে তাদের পার্টি অফিস ভাঙ্গচুর করে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে।

এদিনের পথসভা থেকে জনগণের সামনে ১০ বছরে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মিনাখাঁ ব্লক সভাপতি আয়ুব আলি গাজী, তৃণমূল নেতা যোগেশ্বর প্রামানিক, মিনাখাঁ বিধানসভার চেয়ারম্যান মৃত‍্যুঞ্জয় মন্ডল, তৃণমূল নেতা কালাম মল্লিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই সভা থেকে তারা তৃণমূল কংগ্রেস কর্মীদের ২০২১ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে উজ্জীবিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *