মণিপুরের ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে ধিক্কার মিছিল তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই: মণিপুরে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে শুক্রবার বিকেলে মেদিনীপুর শহরে ধিক্কার মিছিল বের করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এদিন শহর ও মহিলা তৃণমূলের পক্ষ থেকে বিদ্যাসাগর হল ময়দান থেকে ধিক্কার মিছিল বের হয়। তাতে নেতৃত্ব দেন মহম্মদ রফিক, মৌ রায়, বিশ্বনাথ পাণ্ডব, নির্মাল্য চক্রবর্তী।

মিছিল শেষে জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, গত প্রায় তিন মাস জাতি-সংঘর্ষে জ্বলছে মণিপুর। এপর্যন্ত প্রাণ গিয়েছে ১৬০ জনের। সামনে আসছে বর্বরতার একের পর এক ছবি। গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো, খুন। মণিপুরের ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিন্দার ঝড় উঠছে সর্বত্র।

তৃণমূলের এক নেতা বলেন, ‘গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মণিপুরের ঘটনায় যে নৃশংস ভিডিও দেখা যাচ্ছে, তা বলার মত নয়। আদিবাসী মহিলাদের যেভাবে নগ্ন অবস্থায় প্রকাশ্যে হাঁটানো হয়েছে, যেভাবে তাদের উপর পাশবিক অত্যাচার করা হয়েছে, তা লজ্জার। মহিলাদের শুধু ধর্ষণই করা হয়নি, এক ধর্ষিতার বাবা এবং ভাইকে পিটিয়ে পর্যন্ত মারা হয়েছে। অথচ আদিবাসীদের উপর এই বর্বর হিংসার বিরুদ্ধে সেরকম দৃষ্টান্তমূলক কোনোও পদক্ষেপই নেয়নি মণিপুর কিংবা কেন্দ্রের বিজেপি সরকার। তার বিরুদ্ধেই এই প্রতিবাদ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *