আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই:
আগামী ২১ জুলাই শহিদ স্মরণে মুখ্যমন্ত্রীর ডাকে
“ধর্মতলা চলো”র সমর্থনে আজকে দাঁতন ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পথসভা ও মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিক্রম প্রধান সহ অন্যান্য স্থানীয় নেতারা।

পথসভা শেষে দলের কর্মী সমর্থকদের নিয়ে এক বিশাল মহামিছিল দাঁতন বাজার পরিক্রমা করে। আজকের প্রস্তুতি সভায় মুখ্যমন্ত্রীর ডাকে শহিদ দিবসকে সবরকম ভাবে সফল করার আহ্বান জানান রাজ্যের ক্ষুদ্র মাঝারী শিল্প ও বস্ত্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত।
পাশাপাশি আজ শালবনী বিধানসভার জয়পুর এলাকায় একই ইস্যুতে তৃণমূলের কিষান ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে একটি মিছিল হয় সনৎ মাহাতো এবং জেলা পরিষদের সদস্যা অঞ্জনা মাহাতোর নেতৃত্বে।

অন্যদিকে আজ বিকেলে ২৩৬ মেদিনীপুর বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরে প্রায় হাজার পাঁচেক কর্মী সমর্থকদের নিয়ে আগামী ২১শে জুলাই ধর্মতলা চলো অভিযানকে সফল করতে বর্ণাঢ্য মহামিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন মেদিনীপুর বিধানসভার বিধায়িক জুন মালিয়া, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, জেলা নেতা গোপাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

