পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুরে মিছিল তৃণমূলের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর প্রায় প্রতিদিনই দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। কয়েকদিন আগে ৫০ টাকা বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম, এই অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দাঁতন, সবং, মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন ব্লকে মিছিল করলো তৃণমূল কংগ্রেস।

এদিন তৃণমূল কর্মী-সমর্থকরা মিছিল করে কেন্দ্রের বিজেপি সরকারের এই জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ করেন। মিছিল শেষে তৃণমূল কংগ্রেসের নেতারা অভিযোগ করেন, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য মানুষের প্রাণ ওষ্ঠাগত। তার উপর প্রায় প্রতিদিন জ্বালানির দাম বৃদ্ধি করা হচ্ছে। আগামী দিনে জ্বালানির দাম কমানোর ব্যবস্থা না হলে বৃহত্তম আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূলের নেতারা।

দাঁতনে মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক বিক্রম প্রধান, সেখ ইফতেকার আলি, সবং এ নেতৃত্ব দেন মন্ত্রী মানষ রঞ্জন ভুঁইঞা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আবু তাহের, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিকাশ ভুঁইঞা সহ অন্যান্য নেতৃবৃন্দ, মেদিনীপুর শহরে নেতৃত্ব দেন জেলা সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, কাউন্সিলর মৌ রায়, প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *