পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই: ২০২৩- এর পঞ্চায়েত নির্বাচনে বার বার খবরের শিরোনামে উঠে এসেছে চন্দ্রকোনা ২ নং ব্লকের কৃষ্ণপুরের গ্রাম। বারবারই অভিযোগের তির থাকে শাসক দলের বিরুদ্ধে। এবার ছবিটা একটু অন্যরকম। এবার তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুরের অভিযোগ উঠলো সিপিআইএম ও আইএসএফ- এর বিরুদ্ধে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার জন্য প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। জানাগেছে, এদিন আইএসএফ ও সিপিআইএম কর্মীরা নির্বাচনী প্রচারে বেরিয়েছিল। তাদের মিছিল যখন তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল সেই সময় তৃণমূলের পক্ষ থেকে তাদের মিছিলে হামলা করা হয় বলে অভিযোগ। এরপর পালটা হামলা চালায় সিপিআইএম ও আইএসএফ কর্মীরা। তৃণমূল কার্যালয়ের ভেতরে থাকা জিনিসপত্র ভাঙ্গচুর করা হয় এবং মারধর করা হয় কার্যালয়ে থাকা তৃণমূল কর্মীদের। এরপর দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পরে ছুটে পালিয়ে যায় আইএসএফ ও সিপিআইএম কর্মীরা।
তবে এই ঘটনা নিয়ে সিপিআইএম কর্মীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ধরনের হাতাহাতিতে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

