মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুন

নিজস্ব সংবাদদাতা, আমাদের ভারত, কান্দি, ১৩ আগস্ট: সাত সকালে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত চৈতপুর মাঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুন করল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে মৃতের নাম মুস্তফা সেখ (৪৫), তৃণমূলের দলীয় টিকিটের জয়ী হয়েছিলেন এবং কুরুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের সদস্য ছিলেন মুস্তফা সেখ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে স্থানীয় সুন্দরপুর বাজারে গিয়েছিলেন কুরুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্ৰামের বাসিন্দা মুস্তফা সেখ (৪৫)। বাজার থেকে বাড়ি ফেরার পথে চৈৎপুর গ্ৰাম সংলগ্ন মাঠে একদল দুস্কৃতী তাকে আক্রমণ করে। প্রথমে দুষ্কৃতিরা দুটি বোমা ছোড়ে। বোমার আঘাতে তিনি রাস্তার পাশে ধানের জমিতে পড়ে যান। মৃত্যু নিশ্চিত করতে পরপর চার রাউন্ড গুলি করে দুষ্কৃতিরা। পরে ঘটনার খবর দেওয়া হয় বড়ঞা থানার পুলিশকে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়।

বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মোর্সেদ জর্জ জানান, আমাদের দলীয় নেতা এবং তৃণমূল পঞ্চায়েত সদস্য ছিলেন মুস্তফা সেখ। দুই বছর আগেও একবার হামলা চালানো হয়েছিল। তখন বোমার আঘাতে জখম হয়েছিলেন। শুক্রবার বাজার করে বাড়ি ফেরার পথে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। পুলিশের কাছে দাবি রাখব সঠিক ভাবে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।

মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *