বিস্ফোরক মজুত মামলায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য গ্রেফতার বীরভূমের পাইকরে

ছবি: শতাব্দীর পাশে ইসলাম চৌধুরী
আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৪ আগস্ট: সাতসকালে বীরভূমের পাইকরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তৃণমূল নেতাকে বাড়ি থেকে ধরে নিয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেলায় অবৈধ বিস্ফোরক মজুত মামলাতেই তৃণমূলের এই দাপুটে নেতা তথা গ্রাম পঞ্চায়েত সদস্যকে এনআইএ আটক করেছে। বীরভূমের পাইকরের তৃণমূল নেতা ইসলাম চৌধুরী আটক হওয়ায় জেলার রাজনীতিতে গুঞ্জন তুঙ্গে। এমনকি আতঙ্কে অনেক নেতা থেকে পুলিশ অফিসার।

জানা গিয়েছে, শুক্রবার ভোরে হঠাৎই বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামে হানা দেয় এনআইএ-র একটি দল। বাড়ি থেকে আটক করা হয় তৃণমূল কংগ্রেসের নেতা ইসলাম চৌধুরীকে। আটক করার পর প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় পাইকর থানায়। সেখানেই তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এনআইএ-এর গোয়েন্দারা। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ইসলাম চৌধুরী মুরারই ২ ব্লকের কুশমোড়-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তিনি।

সূত্রের খবর, বীরভূমে অবৈধ বিষ্ফোরকের ব্যবসার অভিযোগ উঠেছিল। এই অভিযোগে আগেই তিনজনকে গ্রেফতার করেছিল এনআইএ। ধৃতদের মধ্যে রয়েছেন নলহাটির মনোজ ঘোষ নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর একাধিক অভিযোগ রয়েছে। মনোজের পর এবার জেলারই আরও এক তৃণমূল পঞ্চায়েত সদস্য আটক হলো। ইসলাম চৌধুরী নামে ওই দাপুটে তৃণমূল নেতার আটক হওয়ার ঘটনায় জেলার রাজনীতিতে গুঞ্জন বাড়ছে। বিরোধীরাও শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে এই ইস্যুতে সোচ্চার হচ্ছে।

বাবা সানোয়ার চৌধুরী বলেন, “ভোরের দিকে দুটি গাড়িতে কয়েকজন গিয়ে আমাকে এবং ছেলেকে তুলে নিয়ে আসে। পরে আমাকে ছেড়ে দিয়ে ছেলেকে কলকাতা নিয়ে যায়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *