আমাদের ভারত, আরামবাগ, ২৬ নভেম্বর: ১৪ দিন ধরে উত্তর কাশির সুড়ঙ্গে আটকে ৪১ জন শ্রমিক। তার মধ্যে দু’জন হুগলি জেলার পুরশুরার বাসিন্দা। বারবার আশার আলো দেখা দিয়েও আবার তা নিভে যাচ্ছে। বার বার থমকে যাচ্ছে উদ্ধার কাজ। আর তার পরেই আরো উদ্বেগ বাড়ছে হুগলির বাসিন্দা জয়দেব প্রামাণিক ও সৌরভ পাখিরাদের পরিবারের মধ্যে।
বাড়ির ছেলেরা কবে উদ্ধার হয়ে বাড়ি ফিরতে পারবে সেই নিয়ে চিন্তার শেষ নেই তাদের পরিবারের। আর এবার সৌরভ পাখিরা ও জয়দেব প্রামাণিকের পরিবারের সাথে দেখা করে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। এদিন তিনি নিজের হাতে জয়দেব প্রামাণিকের মাকে গ্লুকোজ খাওয়ান।
দুই শ্রমিকের পরিবারের সাথে দেখা করে সাংসদ বলেন, এতদিন ধরে ছেলেগুলো ওখানে আটকে আছে এটা খুবই দুঃখের। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব সময় বিষয়টির দিকে নজর রেখেছেন। আর তিনি নিজে ও তার দল তৃণমূল সব সময় এই দুই পরিবারের পাশে আছেন। যে কোনো সমস্যায় এই দুই পরিবারের সাথে মা মাটি মানুষের সরকার আছে।

