“কট্টর বিজেপিদের চমকাতে হবে, ভোট দিলে পরিণতি ভোগ করতে হবে” তৃণমূল বিধায়কের বিস্ফোরক ভিডিও ভাইরাল

আমাদের ভারত, ২৯ মার্চ:মঙ্গলবার বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্য একটি বিস্ফোরক ভিডিও টুইটারের মাধ্যমে সামনে আনেন। অমিত যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন। তৃণমূলের কর্মীদের পরামর্শ দিচ্ছেন কিভাবে ধমকে বিজেপি সমর্থকদের ভোট দেওয়া আটকাতে হবে।

ভিডিওটিতে (আমাদের ভারত ভিডিওটির সত্যতা যাচাই করেনি) দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ককে বলতে শোনা গিয়েছে, “যারা কট্টর বিজেপি তাদের ঘোরানো যাবে না। তাদেরকে চমকাতে হবে। তাদেরকে বলবেন আপনি যদি ভোট দিতে যান তবে ধরে নেব বিজেপিকে ভোট দিচ্ছেন। তারপর কি পরিণাম হবে সেটা আপনার দায়িত্ব। আর আপনি যদি ভোট দিতে না যান তবে ধরে নেব আপনি আমাদের সমর্থনে আছেন। তখন আপনার কোনও সমস্যা হবে না। আপনি চাকরি করুন, ব্যবসা করুন আমরা সঙ্গে আছি।”

টুইটটিতে অমিত মালব্য লিখেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী সরাসরি বিজেপি সমর্থক ও কর্মীদের হুমকি দিচ্ছেন। তাদের ভোট দিতে মানা করছেন। এই ধরনের অপরাধীদের জেলে থাকা উচিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রশ্রয় দিচ্ছেন। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার চেষ্টা করছি।

সামনেই আসানসোল লোকসভা উপনির্বাচন। নরেন চক্রবর্তীর পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র আসানসোল লোকসভার মধ্যে পড়ে। তাই ভোটের আগেই এই ধরনের ভিডিও সামনে আসায় বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন এটা কোন সময়ের ঘটনা আমার মনে নেই। আগের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি নির্দেশে আমরা তৃণমূল কর্মীরা এই কাজ করতাম। পুরোনো ভিডিও দিয়ে বিজেপি বাজার গরম করতে চাইছে। কিন্তু পাণ্ডবেশ্বর প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, “বিজেপির লোকেরা ভোট দেওয়ার সুযোগ পেলে তৃণমূল যে হারবেন সেটা উনি বুঝেছেন” এই ধরনের কাজ না করাই ভালো।

এই ঘটনায় বিজেপির তরফে এফআইআর দায়ের করা হয়েছে এবং তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবিতে আসানসোলের পুলিশ কমিশনারকে চিঠিও দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনেও তৃণমূল বিধায়কের নামে নালিশ জানিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, আসানসোল উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দলীয় কর্মী সভায় বিজেপি কর্মীদের হুমকি দিয়েছেন তৃণমূল বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *