পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: খড়্গপুর গ্রামীণ এলাকার মাতকাতপুরে রবিবার বিকেলে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সহ-সভাপতি তথা খড়্গপুর সদর বিধানসভার প্রার্থী দিলীপ ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি খড়্গপুর গ্রামীণের বিজেপি প্রার্থী তপন ভুঁইঞার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “তপনদা আমাদের জেলার দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী। তাঁর নেতৃত্বে এই এলাকায় সংগঠন আরও মজবুত হবে।”
দিলীপ ঘোষ আরও জানান, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন এই কার্যালয়টি ২৪ ঘণ্টা খোলা থাকবে। সাধারণ মানুষের সুবিধার্থে এটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর কথায়, যদি কেউ ভয়ভীতি, হুমকি বা অন্য কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে তাঁরা এই কার্যালয়ে এসে বিজেপি কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং প্রয়োজনীয় সহায়তা পাবেন।

রাজনৈতিক বার্তায় তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “তৃণমূল মানেই ভয়, আর বিজেপি মানেই ভরসা। মানুষের উচিত বিজেপির উপর আস্থা রাখা। তবেই বাংলায় প্রকৃত পরিবর্তন সম্ভব এবং তাতে একটি নতুন বাংলা গড়ে উঠবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির একাধিক স্থানীয় নেতা-কর্মী এবং সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের মাধ্যমে খড়্গপুর গ্রামীণ এলাকায় নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক মহল।

