বুধবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল

রাজেন রায়, কলকাতা, ২ মার্চ: এবারে ৮ দফায় রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ায় এবং জেলার বিভিন্ন অংশে একাধিক দফায় নির্বাচন থাকায় একবারে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে চাইছে না কোনও রাজনৈতিক দল। তবে প্রথম বা দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করতে আর কোনও সমস্যা নেই শাসক দলের। সাধারণত ভোটের দিন ঘোষণার পরই প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় তৃণমূল৷ এতদিন ধরে সেই রীতি বজায় রেখেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রথম রীতি ভেঙে ৪ দিন পর প্রথম প্রার্থী তালিকা বের করবে শাসক শিবির৷

শাসক শিবিরে কিছুটা যে আতঙ্কের চোরাস্রোত রয়েছে, তার প্রমাণ মিলেছে নির্বাচন কমিশনের ভোট ঘোষণা দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে মহাযজ্ঞের ঘটনায়। দলের এক নেতার কথায়, শেষ মুহূর্তে কিছু না বদলালে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করবেন৷ তবে এক বারে সব আসনে প্রার্থীর নাম তিনি হয়তো নাও জানাতে পারেন৷ সেক্ষেত্রে শুক্রবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করার সম্ভাবনা থাকছে৷

বুধবার থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া হবে৷ প্রথম দফায় ২৯৪টির মধ্যে ৩০টি আসনে ভোট হবে৷ এই ৩০টি আসনের প্রার্থীরা সাতদিন সময় পাবেন মনোনয়ন জমা দেওয়ার৷ মনোনয়ন পেশের শেষ তারিখ হল ৯ মার্চ৷

এবার সব প্রার্থীদের নাম একবারে না জানানোর কৌশল নিয়েছে তৃণমূল৷ দু’দফায় প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে তারা৷ এই ভাবে ধাপে ধাপে দেশের দুটি বড় রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে৷ তৃণমূল রক্ষণশীল ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করায় অনেকেই মনে করছে, প্রার্থীদের নাম ঘোষণা হয়ে গেলে দলে হয়তো আরও ভাঙন দেখা দিতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *