বাংলা ভাগের চক্রান্ত, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে তৃণমূলের প্রতিবাদ মিছিল রাজগঞ্জের বেলাকোবায়

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ ডিসেম্বর: বাংলা ভাগের চক্রান্ত, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়ের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল রাজগঞ্জের বেলাকোবায়। শনিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার কলেজ মোড় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু করা হয়। প্রায় চার কিলোমিটার পথ মিছিল করে এসে শিকারপুর রেগুলেটেড মার্কেটে এই মিছিল শেষ করা হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা করা হয়। এই মিছিলে কয়েকহাজার তৃণমূল কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।

জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়কে খগেশ্বর রায় বলেন, বিজেপির বাংলা ভাগের চক্রান্ত, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, কেন্দ্রের ১০০ দিনের টাকা বকেয়া রাখা ও ১০০ দিনের কাজ বন্ধ রাখা। কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই’কে অপব্যাহারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল ও সভা করা হয়।

এই দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জলপাইগুড়ি জেলা পরিষদের সহ-সভাধিপতি দুলাল দেবনাথ, তৃণমূল কংগ্রেস রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্ণিমা রায় সহ অন্যান্যরা।

এদিকে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, “স্বাধীনতার পর থেকে কংগ্রেস, সিপিএম আর তৃণমূল উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করে রেখেছে। আমরা উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য আন্দোলন করছি আগামীতে যা প্রয়োজন সেটাই করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *