আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই:
আজ মেদিনীপুর সদর ব্লক, ২২৮ খড়্গপুর গ্ৰামীন বিধানসভা তৃণমূল কংগ্রেস এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান সফল করতে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। সদর ব্লকের মাইতি গোলা থেকে মিছিল শুরু করে চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে জামতলা বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জামতলা বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রত্যেক বক্তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে ধর্মতলার শহিদ দিবসকে সফল করতে হবে বলে বার্তা দেন।
এই মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন ২২৮ খড়্গপুর গ্ৰামীনের বিধায়ক তথা দলের চেয়ারম্যান দীনেন রায়, প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে প্রায় হাজার সাতেক কর্মী সমর্থক সামিল হয়।
পাশাপাশি মেদিনীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাই শহিদ দিবস উপলক্ষে একটি মিছিল হয়। মিছিলটিতে প্রায় হাজার দুয়েক কর্মী সমর্থক উপস্থিত ছিল। মিছিলে নেতৃত্ব দেয় পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলর সৌরভ বসু, সমাজসেবী গোপাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি শহরের পুরো ৯ নং ওয়ার্ড পরিক্রমা করে।

