অমরজিৎদে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিজেপি ছেড়ে সাঁকরাইল ব্লকের বিভিন্ন এলাকার বিজেপির কর্মী-সমর্থকরা দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন।
মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রী অঞ্চলের জামবেদিয়া এলাকার পালোইডাঙ্গাতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ সহ আরো অনেকে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে ওই এলাকার বিজেপির কর্মী ও সমর্থকরা আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলের পতাকা তুলে দেন বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাত ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমল কান্ত রাউৎ।

এবিষয়ে কমলবাবু বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী খুঁজে পাবে না। বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজে দেখতে হবে। মানুষ বিজেপিকে আর বিশ্বাস করে না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্য প্রতিদিন দলে দলে মানুষ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিনে আরও অনেকেই এভাবেই যোগদান করবেন বলে তিনি জানান।
বিধায়ক খগেন্দ্র নাথ মাহাত বলেন, উন্নয়নের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সেই শান্তি বিঘ্নিত করার জন্য এক শ্রেণির মানুষ চেষ্টা করছেন। তাই মানুষ তাদের ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। তিনি আরও বলেন, যে বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সেই সঙ্গে বিজেপিকে জঙ্গলমহল থেকে তিনি উৎখাত করার আহ্বান জানান।

