স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ আগস্ট: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় “খেলা হবে দিবস” পালন করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। উত্তর দিনাজপুর জেলা যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দপ্তর এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে “খেলা হবে দিবস ২০২১” অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু, রায়গঞ্জ ব্লকের বিডিও শুভজিৎ মন্ডল সহ বিশিষ্ট আধিকারিকরা।

খেলা হবে দিবস ২০২১ উৎসবে রায়গঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অধীন রায়গঞ্জ শহরের নথিভুক্ত সবকটি ফুটবল দলের ক্লাবের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। এদিন স্টেডিয়ামের মাঠে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যজুড়ে প্রতিটি ব্লকে, প্রতিটি পুরসভা এলাকায় সোমবার খেলা হবে দিবস ২০২১ পালন করা হল। জেলা সদর রায়গঞ্জের রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে রায়গঞ্জ পুরসভার উদ্যোগে খেলা হবে দিবস কর্মসূচি পালন করা হল। সাধারণ মানুষের মধ্যে ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে এবং খেলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন ঘটাতেই এই খেলা হবে দিবস উদযাপন বলে জানিয়েছেন পুর প্রশাসনিক কর্তারা।

