মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মন্দিরে পুজো, মাজারে দোয়া তৃণমূল নেতাদের

আশিস মণ্ডল, রামপুরহাট, ১১ মার্চ: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে কোথাও যজ্ঞ, কোথাও মাজারে প্রার্থনা করলেন তৃণমূল কর্মীরা। সকলের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে প্রচারে নামুন দলনেত্রি। পাশাপাশি জেলাজুড়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন রাতেই তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। নেত্রীর সুস্থতা কামনায় বৃহস্পতিবার দুপুরে তারাপীঠ মন্দিরে মা তারার পুজোর পাশাপাশি যজ্ঞ করানো হয়। ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায় বলেন, “ভোটের মুখে বিজেপি পরিকল্পিতভাবে দলনেত্রীকে আক্রমণ করেছে। আমরা মা তারার পুজো দিয়ে এবং যজ্ঞের মাধ্যমে দলনেত্রীর সুস্থতা কামনা করলাম। সুস্থ হয়ে তিনি ফের প্রচারে ফিরুন এই প্রার্থনা করলাম। সেই সঙ্গে যারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দেওয়া হোক”।

অন্যদিকে নলহাটি ২ নম্বর ব্লকের বারা ১ নম্বর অঞ্চলের টারহাট গ্রামের শহিদ পীরের দরগায় দলনেত্রীর সুস্থতা কামনায় প্রার্থনা করলেন তৃণমূল কর্মীরা। বীরভূম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানার নেতৃত্বে সেখানে নেত্রীর সুস্থতা কামনা করা হয়। অন্যদিকে আকালীপুর গ্রামে গুহ্যকালি মন্দিরে পুজো দেন তৃণমূল নেতা কাশীনাথ ভুঁইমালী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর উপর যে আঘাত আনা হয়েছে তার নিন্দা করছি। সেই সঙ্গে মায়ের কাছে প্রার্থনা করলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্রুত সুস্থ করে তোল”। এদিকে দলনেত্রীর উপর আঘাতের প্রতিবাদে জেলায় সর্বত্র প্রতিবাদ মিছিল বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *