জে মাহাতো, মেদিনীপুর, ২৯ আগস্ট: ত্রিপুরায় তৃণমূলের নেতা-নেত্রীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল সেখানে পুলিশি নিরাপত্তা পাচ্ছে। ত্রিপুরার আইন শৃঙ্খলা এই রাজ্যের থেকে অনেক ভালো। রবিবার দুপুরে মেদিনীপুর শহরে একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
দলীয় কর্মী বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের পাইলট গাড়ি থাকছে। পুলিশ প্রহরা পাচ্ছেন। ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধি দলের উপর কোনো হামলা হয়নি। শুধু জামা ছিঁড়েছে। বাংলার চেয়ে ত্রিপুরায় আইন শৃঙ্খলা অনেক ভালো, বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির। তিনি বলেন, এখানে বাংলায় বিজেপি নেতা কর্মীদের উপর হামলা চালানো হলেও পুলিশ ডায়েরি নিতে চায় না। দিলীপবাবু অভিযোগ করেন, আইপিএস অফিসাররা এরাজ্যে নিজেদের মত করে কাজ করতে পারছেন নাl দলের নির্দেশে চলতে হচ্ছে তাদেরl বিজেপির পঞ্চায়েত দখল করার জন্য প্রধানদের চমকানোর কাজে লাগানো হচ্ছে পুলিশ অফিসারদের।
সর্বভারতীয় ক্ষেত্রে অবিজেপি দলগুলিকে একজোট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ সম্পর্কে বলেন,
গত লোকসভা নির্বাচনের আগেও সকলকে একজোট করার চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে ক’জন আছেন? গতবার দিল্লি যাওয়ার পর কি হয়েছিল এবং কেন আলাদা করে চা খেতে গেলেন সেটা আমরা জানি।
গতকাল মেদিনীপুর শহরে গুলি চালানোর ঘটনার তিনি তীব্র নিন্দা করেন। তিনি বলেন, পশ্চিম মেদিনীপুর জেলার আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। দুষ্কৃতীরা প্রকাশ্যে গুলি ছুঁড়ে পালাচ্ছে। পুরসভা ভোটের আগে এসব করানো হচ্ছে বলে অভিযোগ করেন মেদিনীপুরের সাংসদ ।

