আমাদের ভারত, ৩ জানুয়ারি: কবজ মাদুলিতে কিছুই কাজ হবে না। এবার দিদির সুরক্ষা কবচ নিয়ে পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে গ্রামের মানুষকে সাবধান করলেন তিনি। তৃণমূলের নেতারা যাবেন, বাড়ির গরু ছাগল যেনো তারা সাবধানে রাখেন। আজ বালুরঘাটের এক সভা থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপির রাজ্যে সভাপতি এদিন বলেন, “দিদি নাকি দিদির রক্ষা কবজ তৈরি করেছেন। কবজ মাদুলিতে কিছু হবে না। তৃণমূল নেতারা যাবেন, আপনাদের আগে থেকে সাবধান করছি। গরু-ছাগল সাবধানে রাখবেন বিশ্বাস নেই, গরু ছাগল পকেটে করে বগল দাবা করে নিয়ে পালিয়ে যেতে পারে। এই চোরেদের কোনো বিশ্বাস নেই।”

বালুরঘাটে আজ সুকান্ত এবং শুভেন্দুর সভা ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রবল ঠান্ডায় বিজেপির সভায় কত লোক হয় সেদিকে নজর ছিল সকলের। একই সঙ্গে স্থানীয় সাংসদের সঙ্গে তার এলাকার মানুষ আছে কিনা তা দেখতেও মুখিয়ে ছিল রাজনৈতিক মহল। সভার আনাচে কানাচে উপচে পড়া ভিড় সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ করে দিয়েছে সুকান্ত মজুমদারকে।
সভার আগে একটি মিছিল হয়। এই মিছিলের নেতৃত্বে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলটি মঙ্গলপুর থেকে বের হয়ে প্রায় গোটা শহর পরিক্রমা করে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। তারপরই শুরু হয় সভা।
আজকের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দাগতে দেখা যায় সুকান্তকে। বন্দে ভারত এক্সপ্রেস নিয়েও সুকান্ত বলেন, উত্তরবঙ্গের মানুষের কথা ভেবেই প্রধানমন্ত্রী রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস কলকাতা থেকে উত্তরবঙ্গে চালু করেছেন। আরো কমপক্ষে দুটি বন্দে ভারত এক্সপ্রেস বাংলায় চলবে।

