আদ্রায় প্রাণ যাওয়া তৃণমূল নেতার বাড়িতে রাজ্যপালের ফোন, পাশে থাকার আশ্বাস

সাথী দাস, পুরুলিয়া, ২৪ জুন: আদ্রায় নিহত তৃণমূল নেতার বাড়িতে ফোন করে সাহায্যের আশ্বাস দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের দাদা আনন্দ চৌবের সঙ্গে ফোনে কথা বলে পরিবারের খোঁজ নিলেন রাজ্যপাল। শনিবার বিকেলে এই ফোন আসে বলে জানাগেছে।

এদিন ফোন করে রাজ্যপাল নিহত আদ্রা শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবের পরিবার এবং আর্থিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত খোঁজ নেন। আর্থিক সহায়তারও আশ্বাস দেন তিনি। সন্তানদের লেখাপড়া নিয়েও আশ্বাস দেন তিনি। খুনের তদন্ত নিয়েও জিজ্ঞাসা করেন সিভি আনন্দ বোস। নিজের ফোন নম্বর দেন প্রয়োজনে যোগাযোগ করার জন্য। ভাইয়ের পরিবার এই ঘটনার পর একেবারে অসহায় হয়ে গেছে বলে রাজ্যপালকে জানিয়েছেন আনন্দ চৌবে। এই ফোন পেয়ে তাঁরা অনেকটাই আশ্বস্ত হয়েছেন বলে জানান তিনি। পরিবারের খোঁজ নেওয়ার জন্য তিনি রাজ্যপালকে ধন্যবাদ জানান। একই সাথে রাজ্য সরকার এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তিনি। এখনও পর্যন্ত রাজ্য সরকার বা তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে তাঁরা কোনো বার্তা পাননি বলে জানান নিহতের দাদা।

যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আদ্রায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন।

এদিকে খুনের ঘটনার পর উত্তপ্ত অবস্থা থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে আদ্রা রেল শহর। শোকের আবহে দোকান পাট হাট বাজার শনিবার বিকেল পর্যন্ত স্বাভাবিক নিয়মে খোলা থাকে। সন্ধ্যায় দোকান বাজার খোলা থাকে খুনের ঘটনাস্থল সংলগ্ন এলাকায়। পুলিশের প্রাথমিক তদন্তে ভরসা পাচ্ছেন আদ্রাবাসী। তবে স্থানীয়রা আরও বেশি সিসি ক্যামেরার পুলিশি নজরদারি চাইছেন। একই সঙ্গে নিয়মিত পুলিশি টহলের দাবি করেছেন তাঁরা।

এদিকে ধৃত দুই অভিযুক্তকে জেরা করে খুনের কিনারা পেতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। শুক্রবার থেকে দফায় দফায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর মধ্যে নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের পরিচিতরা রয়েছেন। ব্যক্তিগত আক্রোশ থেকে এই খুন বলে দাবি উঠছে রাজনৈতিক মহলে। তবে তৃণমূলের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন আদ্রার শহর সভাপতি ধনঞ্জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *