রাতে বেড়িয়ে আর ফেরেননি তৃণমূল নেতা, ইটাহারে তদন্তে আনা হল কুকুর

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ আগস্ট: তৃণমূল নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। ইটাহার থানার বাসথোপি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ধানের জমি থেকে উদ্ধার হয় ইটাহারের গোটলুর তৃণমূল বুথ সভাপতি আব্দুল কাসেমের ক্ষতবিক্ষত মৃতদেহ।

ঘটনাস্থলে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ আধিকারিক সহ ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে যায়। ঘটনার তদন্তের জন্য রায়গঞ্জ থেকে নিয়ে আসা হয় পুলিশ কুকুর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আব্দুল কাসেম এলাকার তৃণমূল বুথ সভাপতি ছিলেন। তবে যে এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে সেটা তাঁর বাড়ি থেকে অনেকটা দূরে। সেখানে তাঁর আসার কথাই নয়।

মৃত তৃণমূল নেতা আবদুল কাসেমের ভাই আব্দুল রহিম জানিয়েছেন, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি কাসেম। সকালে ইটাহার থানায় গিয়ে কাসেমের মোবাইল ট্র‍্যাক করতে বলা হয়। এদিকে বাসথোপি এলাকা থেকে খবর আসে জাতীয় সড়কের ধারে ধানের জমিতে রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে কাসেমের। তবে পরিবারের পক্ষ থেকে এই খুনের সাথে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলেই দাবি করা হয়েছে।

মৃত তৃনমূল নেতা কাসেম একজন বড় ব্যবসায়ী ছিলেন। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে খুন হতে পারে বলে অনুমান পরিবারের লোকদের। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *