অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা, নৈহাটির শিবদাসপুরে দাপুটে নেতাকে লক্ষ্য করে বোমা এবং গুলি

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ ফেব্রুয়ারি: পুর নির্বাচন যত এগিয়ে আসছে ততই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা। এবার নৈহাটির শিবদাসপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা এবং গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বাঁচল তৃণমূল নেতা।

জানাগেছে, বুধবার রাতে নৈহাটি বিধানসভার অন্তর্গত তৃণমূল ব্লক ১ এর দাপুটে নেতা রানা দাশগুপ্ত গাড়ি দলীয় মিটিং সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় নৈহাটি শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত পেপার মিলের সামনে এক দল দুষ্কৃতী তাঁর গাড়ির ওপর হামলা করে বলে অভিযোগ। প্রতক্ষ্যদর্শীদের বয়ান অনুসারে সেই সময় রানা দাশগুপ্ত গাড়ি থেকে নেমে ছিলেন। তখন দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে বোম মারে। বোমাটি গাড়ির পাশে পরে সজোরে ফেটে যায়। এরপর রানাবাবু ও তার গাড়ির ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেন। সেই সময় আরো একটা বোম মারা হয়। গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলি গাড়ির গায়ে লাগে।

এরপর পুলিশকে খবর দিলে বীজপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়প্রকাশ পান্ডে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তুষার কান্তি পাঠক।

সেই সঙ্গে ঘটনাস্থলে দলীয় কর্মীরা চলে আসেন। এরপর এই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে উপর হালিশহর পাঁচ মাথার মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধ চালায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় তৃণমূল নেত্রী সোনালী সিংহ রায়। তিনি এবং পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন। এই ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। তবে তারা প্রশাসনের ওপর আস্থা রেখেছেন বলে জানিয়েছে। এই হামলার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *