কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ মার্চ:
বিজেপির ভরা সভায় শুভেন্দু অধিকারীর সামনে কানধরে ওঠবস করলেন তৃণমূলত্যাগী নেতা সুশান্ত পাল ওরফে বাচ্চু৷ তিনি নাকি এতদিন তৃণমূলে থেকে ভুল করেছেন। সেই ভুলেরই প্রায়শ্চিত্ত করতে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কান ধরে ওঠবস করলেন।
সুশান্ত পালের সাফ বক্তব্য, ভুল করেছেন৷ সেই ভুল স্বীকার করতে কোনও লজ্জা নেই৷ বললেন, ‘তৃণমূলে থেকে ভুল করেছি৷ ভুল শুধরাতে……’ বলেই কানধরে ওঠবস করে দেন। জানালেন, পাপের প্রায়শ্চিত্ত করলেন তিনি৷

পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার চকগোপীনাথপুরে বিজেপির যোগদান মেলা ছিল৷ সেই যোগদান মেলায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যরা৷ আর এই যোগদান মেলাতেই ঘাসফুল ছেড়ে পদ্মদলে খাতায় কলমে নাম লেখালেন এই সুশান্ত পাল৷ আর এরই সঙ্গে তৃণমূলের সঙ্গে ২৩ বছরের সম্পর্ক ছিন্ন করলেন তিনি। মঞ্চের ওপর দুহাতে কান ধর ওঠবস শুরু করতেই শুভেন্দু অধিকারী মুচকি হেঁসে মঞ্চ থেকে নেমে যান।
১৯৯৮ সাল থেকে তৃণমূল করছেন সুশান্ত পাল৷ মদন মিত্রর সঙ্গে তাঁর ঘরোয়া সম্পর্ক৷ পাশাপাশি দীর্ঘদিন ধরেই তিনি কাজ করে আসছেন জেলা সভাপতি অজিত মাইতি ও আর এক তৃণমূল নেতা বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে৷ শুভেন্দু অধিকারীর সঙ্গেও হাজারটা সভা করেছেন তিনি৷ তৃণমূলের বিভিন্ন দলীয় কর্মসূচিতেও তাঁর সক্রিয়তা ছিল চোখে পড়ার মত৷

তবে সময় বদলেছে। শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন বিজেপিতে৷ একাধিক নেতারা দলবদলে আজ অন্য দলে৷ আর আজ সেই ধার অনুসরণ করে বিজেপিতে যোগ দিলেন সুশান্ত পাল৷
যোগ দিয়েই তাঁর স্বীকারোক্তি, ‘এতদিন তৃণমূলে থেকে ভুল করেছি, অন্যায় করেছি, তাই মানুষের কাছে ক্ষমা চেয়ে পাপের প্রায়শ্চিত্ত করলাম’৷ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি আজ এই জনসভা থেকে তৃণমূলকে দেউলিয়া করার অঙ্গীকার করছি৷’
দেখুন ভিডিও

