নদিয়ার বগুলায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ মার্চ: রামপুর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের আক্রান্ত তৃণমূল নেতা। নদিয়ার হাঁসখালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা সহদেব মন্ডল। ওই গুলিবিদ্ধ তৃণমূল নেতার বয়স আনুমানিক ৪০ বছর।

জানাগেছে, ওই গুলিবিদ্ধ তৃণমূল নেতা সহদেব মন্ডল বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অনিমা মন্ডলের স্বামী। গতকাল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় গুলি চালিয়ে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার বগুলা মুড়োগাছা দরগাতলা পাড়ায় একটি প্রাথমিক স্কুলের কাছে। রাত সাড়ে আটটা নাগাদ বগুলা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা পেছন থেকে বাইকে করে এসে গুলি চালায়। সহদেব মন্ডলের মাথার পিছনে গুলি লাগে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা।

স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। এরপরও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বগুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির রায়ের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ ঢালী জানিয়েছেন, বাড়ির কাছে গুলিবিদ্ধ হন সহদেববাবু। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুব কাছ থেকে গুলি করে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *