পুরুলিয়ার আদ্রায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল তৃণমূল নেতার, জখম দেহ রক্ষী

সাথী দাস, পুরুলিয়া, ২২ জুন: দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে প্রাণ গেল তৃণমূল নেতার। আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় চৌবেকে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। তার শরীরে তিনটে গুলি লাগে। দুষ্কৃতিদের গুলিতে জখম হন ওই নেতার দেহরক্ষী শেখর দাস। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে আদ্রা থানার রাম মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত তৃণমূল কার্যালয়ের সামনে।

ওই সময় আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় চৌবে অনুগামীদের সঙ্গে বৈঠক করছিলেন। আচমকা দুষ্কৃতীরা খুব কাছ থেকে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পর পর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। ওই সময় তৃণমূল নেতার দেহরক্ষী শেখর দাস দুষ্কৃতীদের পাল্টা গুলি চালাতে গেলে তাঁকেও গুলি চালায় দুষ্কৃতীরা। এর পরই ছুটে তারা গা ঢাকা দেয়। রক্তাক্ত তৃণমূল নেতা ও তাঁর দেহ রক্ষীকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত দেহ রক্ষীকে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছান। সেখানে তৃণমূল নেতারাও যান। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *