একটি মাত্র উত্তর লিখেই শিক্ষা দপ্তরের গ্রুপ ডি’তে তৃণমূল নেতার চাকরি, বাঁকুড়া জেলা জুড়ে শোরগোল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ ডিসেম্বর: একটি মাত্র প্রশ্নের উত্তর লিখেই হাইস্কুলের গ্রুপ ডি’তে চাকরি করছেন তৃণমূল নেতা। এই চাকরির সূত্রে বাঁকুড়া ১নং ব্লকের পোয়াবাগানের তৃণমূল নেতা আদেশ চ্যটার্জির নাম উঠে এসেছে। আদালতের নির্দেশে ওআরএম শিট দাখিল করতেই সব খোলাসা হয়ে যায়। এসএসসি চাকরির দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলায় সিবিআই এই শিট দাখিল করে। আর এই শিটে দেখা যাচ্ছে তালিকায় উপরদিকে নাম রয়েছে বাঁকুড়া সদর থানার পোয়াবাগানের পাতালখুড়ির বাসিন্দা আদেশ চ্যটার্জির।উত্তরপত্রে একটি মাত্র প্রশ্নের উত্তর দিয়ে তিনি অবিশ্বাস্য ভাবে পেয়েছেন ৪৩ নম্বর। আর অবিশ্বাস্য ভাবেই মিলেছে চাকরি।আদেশ বাবু বর্তমানে বিকনা ক্ষীরোদপ্রসাদ বিদ্যাপীঠের শিক্ষা কর্মী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে তুমুল শোরগোল পড়েছে।

আদেশবাবু তৃণমূল কংগ্রেসের পাতালখুড়ি বুথের বুথ সভাপতি, সম্প্রতি তিনি বাঁকুড়া ১নং ব্লকের সংগঠনের বড় দায়িত্বে রয়েছেন বলে দলীয় সূত্রে জানাগেছে।স্হানীয় সূত্রে আরোও জানা গেছে, তৃণমূলের এই নেতার দাপট এলাকাজুড়ে।পোয়ারাবাগানে তার একটি বইয়ের দোকান রয়েছে, তিনি শুধু যে নিজে চাকরি হাতিয়েছেন তাই নয় তার দুই ভাইয়েরও চাকরির ব্যবস্হা করেছেন।অভিযোগ, তার এক ভাই বাঁকুড়া হিন্দু হাইস্কুলে চাকরি পেয়েছেন, আর এক ভাই নাকি কংসাবতী প্রকল্পে চাকরি পেয়েছেন।এমনই অভিযোগ করে স্হানীয় বিজেপির নেতা এবং ১নং ব্লকের সভাপতি বিকাশ ঘোষ বলেন, যোগ্য লোকের পরিবর্তে অযোগ্য লোকেরা কিভাবে চাকরি পেয়েছেন তা পরিস্কার।শিক্ষা বিভাগে এভাবে চাকরি পেলে শিক্ষার মান কোথায় দাঁড়াবে? অবিলম্বে এইসব চাকরি যারা পেয়েছেন তাদের বরখাস্ত ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এদিকে তৃণমূলের এই নেতার ছবি ও তির্যক মন্তব্য ছড়িয়ে পড়েছে। এখবর জানাজানি হতেই শোরগোল পড়ে গেছে।বেকার যুবক যুবতীরা এই কাজের সমালোচনা করে দাবি তুলেছেন এভাবে চাকরি করার জন্য সমস্ত বেতন ফেরত ও উপযুক্ত শাস্তির।

এ প্রসঙ্গে প্রশ্ন করলে তৃণমূলের জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। এবিষয়ে কোনও মন্তব্য করা ঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *