আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ মার্চ:
“তৃণমূল নেত্রী নিজেই বড় অভিনেত্রী, উনি হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছেন, অভিনয় করছেন।” বললেন বিজেপি প্রার্থী ডা. চন্দ্রমণি শুক্লা। ব্যারাকপুরের নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার বাবা প্রচারে বেরিয়ে এই প্রতিক্রিয়া জানালেন।
ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী করেছে পরিচালক রাজ চক্রবর্তীকে। বিজেপি প্রার্থী করেছে নিহত নেতা মণীশ শুক্লার বাবা ডা. চন্দ্রমণি শুক্লাকে। আজ তিনি প্রচারে বেরিয়ে বলেন, “একজন পরিচালকের সঙ্গে চিকিৎসকের নির্বাচনী লড়াই ব্যারাকপুরে। আমার পূর্ন বিশ্বাস মানুষ আমাকেই বেছে নেবে। আমি কিন্তু ব্যারাকপুর ছেড়ে অন্য কোথাও যাব না।”

তিনি বলেন, “একজন সিনেমার ডাইরেক্টর না চিকিৎসক, কাকে ব্যারাকপুর বাসীর দরকার, সেটা মানুষ স্থির করবে। আমাদের একটাই ইস্যু উন্নয়ন। আমি ব্যারাকপুর, টিটাগড় অঞ্চলের মানুষের পাশে থাকব, শ্রমিকদের পাশে থাকব। কলকারখানায় উৎপাদন হবে। আমরা কোনও খেলা খেলব না, প্রতিহিংসার রাজনীতি করি না। আগামীদিনে সরকারের উপর থেকে ঋণের বোঝা কমিয়ে আমরা সোনার বাংলা গড়ব। এবার তৃণমূল সাফ হয়ে যাবে, ২০০ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে।
সোমবার সকাল সকাল ডা: চন্দ্রমনী শুক্লা ব্যারাকপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রচার করেন। মানুষের বাড়ি বাড়ি ঘুরে তিনি সকলকে বলেন এবার যেন ব্যারাকপুর বাসী বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে নরন্দ্র মোদীর হাত শক্ত করেন।

