আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ নভেম্বর:
গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম অবস্থায় ভর্তি হলেন রাজগঞ্জের এক তৃণমূল নেতা। তার মাথায় গুলি লেগেছে। রবিবার রাতে ওই তৃণমূল নেতা সোলেমান আলী (৫৫) রাজগঞ্জের ভুটকি গন্ডার মোর এলাকায় একটি লটারির দোকানে বসেছিলেন। সেই সময় বাইক নিয়ে এসে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি লটারির দোকানের সামনে এসে দাঁড়ায়। তাদের বাইক তখন চালু অবস্থায় ছিল। অন্যজন বাইক থেকে নেমেই সোলেমানের মাথায় গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়রা দুষ্কৃতিদের পিছনে ধাওয়া করছিলেন। কিন্তু ততক্ষণে অন্ধকারে হারিয়ে যায় ওই দু’জন। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে সোলেমান। সেই গুলিটি ছিটকে লটারির দোকানদারের লাগে। তিনিও আহত হন। তার বাড়ি সেল্টারবাড়ি। দু’জনকেই মারাত্মক জখম অবস্থায় ফুলবাড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে।

জানাগেছে, সোলেমান ব্লকের একজন প্রভাবশালী তৃণমূল নেতা। তার চা বাগান রয়েছে। কিন্তু কেন এই গুলি? কারা গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। এর পেছনে রয়েছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে না কি রাজনৈতিক কোনও বিষয় রয়েছে এর পেছনে তা জানা যায়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

