সরকারি ২৮০০০ টাকা পেয়ে তৃণমূল নেতাকে ১৫০০০ টাকা দিতে হলো কাটমানি, ক্ষোভে বাকি টাকা ফেরত জেলাশাসকের কাছে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল: স্বনির্ভর হওয়ার জন্য সরকারের কাছ থেকে পাওয়া ২৮০০০ টাকার মধ্যে থেকে ১৫০০০ টাকা তৃণমূলের অঞ্চল সভাপতির নির্দেশে দিয়ে দিতে হয়েছে তৃণমূলের বুথ সভাপতিকে। বাকি থাকা ১৩০০০ টাকায় পোল্ট্রি ফার্ম তৈরি করা সম্ভব নয়, তাই অবশিষ্ট টাকা ফেরত দিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চলের অন্তর্গত নয়াপুকুর এলাকার বাসিন্দা বিলাসী সিং।

উল্লেখ্য, ওই মহিলার স্বামীও দীর্ঘদিন ধরে তৃণমূলের সক্রিয় কর্মী। তবে দলের কর্মীদেরই এই ধরনের আচরণ ও কাটমানি খাওয়ার প্রবণতা দেখে হতবাক ওই মহিলা ও তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তার স্বামী বাদল পাল। স্বনির্ভর হওয়ার লক্ষ্যে সরকারের কাছ থেকে পাওয়া টাকা অন্যদের কাছ থেকে জোরকরে ভয় দেখিয়ে নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করানো হয়েছে বলে অভিযোগ তাঁর।

এমনকি অঞ্চল কর্মাধ্যক্ষের দাবি, স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্টের নির্দেশেই কাটমানি নিচ্ছে। অভিযোগ জানাতে গেলে দলের কর্মীদেরই স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুমকির মুখে পড়তে হচ্ছে। যার ফলে সাধারণ মানুষের কাছে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলের। বারবার দলের উচ্চ নেতৃত্বের কাছে সম্পূর্ণ বিষয়টি জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *