আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ নভেম্বর: তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কম থাকায় এবার ক্ষোভে লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান। দাসপুরের কিষান খেতমজুর সংগঠনের সভাতে এই নিদান দেন শাসক দলের নেতা।
প্রসঙ্গত, এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের কিষাণ খেতমজুর সংগঠনের উদ্যোগে দাসপুরের সবুজ সংঘের মাঠে একটি জনসভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, মন্ত্রী শ্রীকান্ত মাহাত সহ জেলার একাধিক নেতা কর্মীরা। আর সেই সভাতেই ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান অমল পন্ডা মহিলাদের উপস্থিতি কম থাকায় এমন মন্তব্য করেন। তিনি বক্তব্য রাখার সময় মাইক হাতে নিয়ে দেখেন সভাতে মহিলার সংখ্যা কম। তখন তিনি বলেন, যেখানে আপনাদের লক্ষ্মীর ভান্ডার আছে, সেখানে মায়েদের সংখ্যা কেন কম? তাই আমি পূর্ণেন্দু দাকে বলবো আপনি দিদির সাথে কথা বলে লক্ষ্মীর ভান্ডার টা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের সভাতে সংখ্যায় বেশি থাকতে হবে মেয়েদের তাছাড়া মায়েদের তো আসতেই হবে।
আর তৃণমূল নেতার এহেন মন্তব্যকে মহিলাদের প্রতি অপমান বলে পাল্টা কটাক্ষ করেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস। আগামী দিনে এই মন্তব্যর জন্য জেলার মহিলারা যোগ্য জবাব দেবে বলেও তিনি জানান।

তৃণমূলের জেলা কো অর্ডিনেটর অজিত মাইতি বলেন, অমল পন্ডা কথাটা ভুল করে বলেছেন। তৃণমূল কিষাণ ক্ষেতমজুর সংগঠনে মহিলাদের সংখ্যা খুব কম নয়।

