শিক্ষক স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তৃণমূল নেত্রীর 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির এক তৃণমূল নেত্রী তার শিক্ষক স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। স্বামী শালবনি ব্লকেরই ভাউদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শান্তনু দাসের বিরুদ্ধে জোর করে গর্ভের সন্তান নষ্ট করার মত মারাত্মক অভিযোগ করেছেন ওই তৃণমূল নেত্রী কাকলি সামন্ত দাস। এই অভিযোগ নিয়ে বিষ্ণুপুর দু নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্যা কাকলি কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন।

কাকলি জানিয়েছেন, দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারি মাসে তাদের রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পর তারা মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। কিছুদিন ঠিকঠাক চলার পর গত বছর সে অন্তঃসত্ত্বা হয়েছে জানতে পেরে শুরু হয় তার উপর অত্যাচার। গত জুলাই মাসে তাকে ভুল বুঝিয়ে এক হাতুড়ে ডাক্তারের ওষুধ খাইয়ে গর্ভপাত করাতে সফল হয় শান্তনু। শ্বশুর বাড়ির লোকজনকে বিষয়টি জানানোর পরেও কোনও কাজ হয়নি। এরপর গত ১৮ আগস্ট কোতোয়ালি থানায় শান্তনুর বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। কাকলির অভিযোগ, এরপরেও তিনি প্রশাসনিক সুবিচার পাননি। তবে দলীয় নেতৃত্বকে বিষয়টি জানানোর পর শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি এবং ব্লক তৃণমূল নেতা কাসেম আলীরা পাশে থাকার আশ্বাস দিয়ে অভিযুক্তের অবিলম্বে শাস্তি দাবি জানিয়েছেন। থানায় অভিযোগ জানানোর পর থেকেই শান্তনু গা ঢাকা দিয়েছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *