আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ সেপ্টেম্বর: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগেই শহরে ‘চোর চোর চোর টা শিবিরবাবু ছেলেটা’ ব্যানার টাঙালো যুব তৃণমূল। শুক্রবার সকাল থেকে কখনো বিজেপি পার্টি অফিসের সামনে আবার কখনো ব্যস্ততম জায়গায় মাইক হাতে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন ইস্যু নিয়ে আক্রমণ করছেন তৃণমূল যুব ও ছাত্ররা৷ বেলা যত বাড়বে খেলা শুরু হবে, এই স্লোগানও তুললেন তৃণমূল ছাত্র পরিষদ।
শুক্রবার জলপাইগুড়ি শহরে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আসার আগেই অভিনব প্রতিবাদ বিক্ষোভে সামিল হল তৃণমূল। শহরের বিভিন্ন জায়গায় ঢাক পিটিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে দেবজিত সরকার বলেন, আমরা শহর জুড়ে এই অভিনব প্রতিবাদে সোচ্চার হয়েছি। শুভেন্দু অধিকারী এবং তার দলের নেতৃত্বকে নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি।
এ বিষয়ে যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, তৃণমূল যতই মাইকিং করুক আর ব্যানার লাগাক, জলপাইগুড়িবাসী বুঝে গিয়েছে চোরদের সরকার হল তৃণমূল কংগ্রেস। নিজেদের বাঁচানোর জন্যই রাস্তায় নেমে তারা চিৎকার করছে বলে তীব্র কটাক্ষ করেন তিনি।

