অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ মে: একশো দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে এবং তদন্তের দাবিতে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে স্মারক লিপি জমা দিল বিনপুর অঞ্চল তৃণমল কংগ্রেস এবং গ্রামবাসীরা। বৃহস্পতিবার বিনপুর এক নং ব্লকের বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত অফিসে এই ডেপুটেশন জমা দেওয়া হয়।
তৃণমূল নেতা কর্মী ও বাসিন্দাদের অভিযোগ, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে না দিয়ে বিজেপি সমর্থকদের এবং তাদের আত্মীয় পরিজনদের অ্যাকাউন্টে দিচ্ছেন। আদিবাসী মানুষ জনকেও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়াও মাটি সৃষ্টি প্রকল্পেও দুর্নীতি করেছেন বিজেপির প্রধান বলে অভিযোগ করেন শাসক দলের নেতা কর্মীরা। এছাড়াও সরকারি একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা কর্মীরা।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। এবিষয়ে বিনপুর এক নং অঞ্চলের তৃণমূল সভাপতি শ্যামল বিশুই বলেন, “বিজেপির প্রধান বিভিন্ন সরকারি কাজে দুর্নীতি করছেন। আদিবাসীদের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে। আর টাকা বিজেপির প্রধান তার আত্মীয় পরিজনদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিছেন। আমরা সমস্ত তথ্য প্রমান দিয়ে প্রধানকে জমা দিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন কয়েক দিনের মধ্যে আলোচনায় বসবেন বলে। আমরা তদন্তের দাবি করেছি।”
এই বিষয়ে বিনপুরের প্রধান রতন মুদি বলেন, “অভিযোগ সত্য নয়, ওনারা অভিযোগ করেছেন। আমি পুরো বিষয়টি ব্লক এবং জেলা প্রশাসনকে জানিয়েছি। ওনারা তদন্ত করছেন।তদন্তেই বোঝা যাবে সবটা।”

