প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ অক্টোবর: ভোটে জেতার জন্য পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে তৃণমূল সরকার। খড়দহ উপ নির্বাচনে বিজেপি প্রার্থী জয় সাহার হয়ে প্রচারে এসে এমনই অভিযোগ করলেন দিলীপ ঘোষ।
খড়দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহার সমর্থনে আজ সকালে চা চক্রে যোগ দিতে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “তৃণমূল এখন থেকেই জিতবে বলছে, কারণ ওনারা পুলিশ দিয়ে ভোট লুট করবার ছক কষছে। তারা প্রশাসনকে কাজে লাগিয়ে, গুন্ডাদের কাজে লাগিয়ে জেতার চেষ্টা করছে। ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেবে। আমাদের প্রচারে বাধা দিচ্ছে। আমাদের প্রচার বন্ধ করে দেওয়া হচ্ছে। দলীয় পতাকা খুলে দিচ্ছে। বাংলার মানুষ তৃণমূলকে হজম করছে না তাই গায়ের জোড়ে ভোটে জেতার চেষ্টা করছে। তাই ওরা জিতবে বলে দাবি করছে।”
আজ দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন প্রার্থী জয় সাহা সহ অন্যান্য বিজেপি কর্মী ও নেতারা। এদিন দিলীপ ঘোষ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের তীব্র সমালোচনা করেন, পাশাপাশি বিএসএফের তল্লাশির পরিধি বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনার উত্তরে দিলীপবাবু বলেন, “মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না, কোর্ট মানেন না। উনি কাঁটাতার দিতে দিচ্ছেন না, কারণ গরু পাচার, সোনা পচার বন্ধ হয়ে যাবে। ফলে ওনার ভাইদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। এই ব্যবসাগুলোর সাথে পুলিশ যুক্ত আছে, নেতা মন্ত্রীরা যুক্ত আছে। তাই বিরোধিতা করছেন।”
এদিন দিলীপবাবু ভ্যাকসিন প্রসঙ্গে বলেন, তৃণমূল সরকার ভ্যাকসিন নিয়েও সিন্ডিকেট বাজি করছে তাই সমস্যা হচ্ছে। রাজ্যের যতটা ভ্যাকসিন দরকার সবটা এই ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে রাজ্যগুলিকে।

