দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্দলকে সমর্থন করছে তৃণমূল, অস্বস্তিতে কর্মীরা

সাথী দাস, পুরুলিয়া, ১২ মার্চ: শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদেশে পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিল হল। স্ক্রুটনির পর তথ্য ভুল থাকার কারণে তা বাতিল করা হয়। তারপর কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের আদেশে মনোনয়ন পত্র গৃহীত হয়। আজ ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখে। বাতিল হয় উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র। গোটা ঘটনায় মুখ পুড়ল তৃণমূলের। শেষ পর্যন্ত ওই কেন্দ্রের নির্দল প্রার্থী প্রাক্তন যুব তৃণমূল ব্লক সভাপতি দিব্য জ্যোতি সিং দেওকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় ঘাসফুল শিবির। এই কথা জানান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নবেন্দু মাহালি। যদিও দলীয় প্রতীক না থাকা নির্দল প্রার্থীর হয়ে ভোট প্রচার কীভাবে করবেন তা খুঁজে পাচ্ছেন না স্থানীয় তৃণমূল কর্মীরা।

প্রসঙ্গত, ত্রুটিপূর্ণ হলফনামার কারণে স্ক্রুটিনিতেই বাতিল হয় তৃণমূলের পদ প্রার্থীর মনোনয়ন পত্র। ২৪১ নম্বর জয়পুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের মনোনয়নের শেষ দিন ছিল ৯ মার্চ। দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী তৃণমূল পদ প্রার্থী উজ্জ্বল কুমারের হলফনামাতে পাওয়া যায় ত্রুটি। তাঁকে সেই ত্রুটি শোধরানোর সময় দেওয়া হয়। তাতেও সামান্য কিছু ত্রুটি থেকে যায় বলে জানা যায়।

জেলা তৃণমূলের পক্ষ থেকে উদ্ভূত পরিস্থিতির সামাল দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও কালীঘাটের নির্দেশের অপেক্ষায় রয়েছেন জেলা নেতৃত্ব। উজ্জ্বল কুমার তাঁর মনোনয়ন বাতিলের খবর দুপুরেই পেয়ে যান। ভুল ভ্রান্তি ঠিক করার প্রচেষ্টা চালানোর চেষ্টা চালায় পিকের টিম। কিন্তু নিরাশ হয়ে তাদের সঙ্গে বাড়ি মুখী হতে হয় উজ্জ্বলকে। এই নিয়ে এখন কিছু বলতে চাননি তিনি। তবে, এই নিয়ে মামলা সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন উজ্জ্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *