অস্ত্র মজুদ করে রাখছে তৃণমূল, মাথায় বন্দুক ঠেকিয়ে এরা পঞ্চায়েত ভোট মানুষের কাছ থেকে নেবে: লকেট

সাথী দাস, পুরুলিয়া, ২ নভেম্বর: “মাথায় বন্দুক ঠেকিয়ে এবারের পঞ্চায়েত ভোট করবে রাজ্যের শাসক দল।” ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই আশঙ্কা প্রকাশ করে শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আজ পুরুলিয়ায় দলের সাংগঠনিক সভায় যোগ দিয়ে এইভাবেই প্রতিক্রিয়া দিলেন তিনি।

শাসন পঞ্চায়েতের দেউপুকুর গ্রামের তৃণমূল সভাপতি শুকুর আলীকে গ্রেফতার করেছে এসটিএফ(স্পেশাল টাস্ক ফোর্স)। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে গুলি ও বন্দুক। এই বিষয়ে বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি মহিলা সভানেত্রী লকেট চ্যাটার্জি বলেন, “পঞ্চায়েত ভোট সামনে আসছে, প্রত্যেক তৃণমূল নেতাদের ঘরে যদি তদন্ত করা হয় প্রচুর অস্ত্র পাওয়া যাবে। বিছানার তলা থেকে এবং মাটি খুঁড়ে অস্ত্র পাওয়া যাবে। এরা অস্ত্র মজুদ করে রাখছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এরা রক্ত দিয়ে ভোট চায়, এরা খুন দিয়ে ভোট চায়, এরা বন্দুক দিয়ে ভোট চায়। মাথায় বন্দুক ঠেকিয়ে এরা পঞ্চায়েত ভোট মানুষের কাছ থেকে নেবে বলে এবং পঞ্চায়েত ভোটে কাউকে নমিনেশন জমা দিতে দেবে না কোনো পার্টিকে এজন্য এরা এরকম করছে। এদের গ্রেফতার করা হয়েছে। এদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এরা যেন জামিনে ছাড়া না পেয়ে যায়।”

এদিন সোনারপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যর মদ, জুয়া এবং সাট্টা নিয়ে পুলিশকে নিশানা করেছেন তিনি। লকেট বলেন, “পুলিশ এবং তৃণমূলের নেতারা এক হয়ে গেছে। থানাগুলো পর্যন্ত তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। বর্তমানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ইনডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কেই এ কথা বলা হচ্ছে। তার মানে ভেতরে এদের দল ভাগ হয়ে গেছে। ভাইপোর দল এখন পুলিশ মন্ত্রীকে সরানোর চেষ্টা করছে। তাই সবাই এখন পুলিশের বিরুদ্ধে কাকস্বরে অভিযোগ করছে।”

দক্ষিণ ২৪ পরগনার এবং বিভিন্ন জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের বিষয়ে লকেট চ্যাটার্জি মন্তব্য করেন, “মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে বলে রক্ত, খুন, বোমা এইসব দিয়ে এরা পঞ্চায়েত ভোট করতে চাইছে বলে আগাম অস্ত্র মজুত করে রাখছে। কিন্তু এতে কোনো লাভ হবে না।”

এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চেন্নাইয়ে এমকে স্ট্যালিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যেকে কটাক্ষ করে বলেন, “যতই উনি বৈঠক করুন প্রধানমন্ত্রীর স্বপ্ন অধরাই থেকে যাবে।” অনুব্রত তনয়া সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করে তদন্তের বিষয়ে লকেট বলেন, “এরা এত পাপ করেছে মেয়েকেও ওই পাপে যুক্ত করেছে। এরা কখনো ভালো হতে পারে না। এদের উচিত ছিল বাংলার মহিলাদের বিকাশ করা কিন্তু এরা নিজের মেয়েদের বিকাশে ব্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *