স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ এপ্রিল: অন্যান্য রাজনৈতিক দলগুলির তুলনায় প্রচারে উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা অনেকটাই এগিয়ে। একদিকে যখন বাড়ি বাড়ি পৌঁছে জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছেন কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ, অন্যদিকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছোট মিছিল, কর্মিসভা করে প্রচার করছেন ইটাহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুশাররফ হোসেন।
দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কালিয়াগঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্রচার সারছেন কালিয়াগঞ্জ বিধানসভার বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। জানালেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা প্রচার করছেন। তাঁর কথায় মানুষ বহিরাগত প্রার্থী নয়, এলাকার বাসিন্দাকেই ভোট দিতে চাইছেন। তেমনই ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুশাররফ হোসেন জানালেন, যেখানেই প্রচারে যাচ্ছেন মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
আগামী ২২ এপ্রিল কালিয়াগঞ্জ বিধানসভার নির্বাচন। এর আগে ২০১৯ সালে উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। ২০১৯ সালে লোকসভা ভোটে কালিয়াগঞ্জ বিধানসভায় ৫৫ হাজার ভোটে লিড পেয়েছিল বিজেপি। কিন্তু পরে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসক প্রার্থী জয়ী হয়েছিল। তৃণমূল কংগ্রেস প্রার্থী কালিয়াগঞ্জ বিধানসভায় পিছিয়ে থাকা বিজেপির পঞ্চান্ন হাজার ভোটকে টপকে ২৬০০ ভোটে জয়ী হয়েছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৪ টি জনমুখী প্রকল্পের সুবিধা ও উন্নয়ন নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে জনসংযোগের কাজ করে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। তপন বাবু বলেন, কালিয়াগঞ্জ বিধানসভার মানুষ বহিরাগত বিজেপি প্রার্থীকে চাইছেন না৷ তাঁরা চাইছেন স্থানীয় তৃণমূল প্রার্থীকে।

অন্যদিকে ইটাহার বিধানসভা কেন্দ্রে তরুন তুর্কি নেতা সমাজসেবী যুব নেতাকে প্রার্থী হিসেবে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন ইটাহারের বাসিন্দারা। মানুষের আবেগ আর ভালোবাসা জানান দিচ্ছে ইটাহারে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী মুশাররফ হোসেন বিধায়ক হয়ে বিধানসভায় গিয়ে ইটাহারের আরও উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।

