পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ ফেব্রুয়ারি: বালুরঘাটে তৃণমূল কর্মীদেরই তৃণমূলে যোগদান করাচ্ছে নেতৃত্বরা। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কার্যালয়ে নির্মাণ শ্রমিকদের যোগদান কর্মসূচিকে ঘিরে উঠেছে এমনই এক বিতর্ক। বিরোধীদের অবশ্য দাবি, তৃণমূল কর্মীদের পুনরায় তৃণমূলে যোগদান করিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে শাসক দল।
জানা যায়, এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কার্যালয়ে নির্মাণ শ্রমিকদের একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার, চেয়ারম্যান নিখিল সিংহ রায়, মহিলা নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী, জেলা শ্রমিক সংগঠন সভাপতি সহ প্রায় সকল নেতৃত্বরাই উপস্থিত ছিলেন। সেখানে তৃণমূলে যোগ দিতে আসা এক কর্মীর বক্তব্য ঘিরেই সামনে এসেছে এমন বিতর্ক। শহর লাগোয়া ভুষিলা এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী উজ্জ্বল সরকারের বক্তব্য ঘিরেই শুরু হয়েছে তোলপাড়। উজ্জ্বলবাবু বলেন, তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি তৃণমূল করেন। এদিন তাকে জয়েনিং করতে নিয়ে আসা হয়েছে, তাই জয়েনিং করেছেন। তৃণমূল কর্মীর ওই বক্তব্য শুনে পাশে দাঁড়িয়ে থাকা অনেকেই এদিন মুখ চেপে হেসেছেন।
যদিও জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এমন যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে।

